Sunday, 10 February 2019

বিবাহ অনুষ্ঠানে নারীদের জন্য বর্জনীয় কাজসমূহ

১। ভ্রু প্লাক করাঃ ভ্রু উপড়ানো বা পাতলা করা এমন একটি কাজ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন এবং এ কাজ করা ব্যক্তির ওপর অভিশাপ দিয়েছেন। তিনি বলেন, “আল্লাহ অভিসম্পাত করেছেন সেসব মহিলার ওপর যারা সৌন্দর্যের জন্য উল্কি অঙ্কন করে ও করায়, ভ্রু উৎপাটন করে ও করায় এবং দাঁত ফাঁকা করে”। (মুসলিম: ৫৬৯৫)
-
২। চুল কাটাঃ (ক) পুরুষের সাদৃশ্য গ্রহণ করে চুল কাটাঃ এটি হারাম এবং কবীরা গুনাহ। রাসুল (সাঃ) বলেনঃ “তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না; তদের মধ্যে এক ব্যক্তি হলো পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী। (মুসনাদ আহমদ: ৬১৮০)
-
(খ) অমুসলিম নারীদের অনুকরণে চুল ছোট করাঃ এটাও হারাম। রাসুল (সাঃ) বলেন, 'যে বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত।' (আবূ দাউদ: ৪০৩৩)
-
৩। অশ্লীল ও অহংকারের পোশাক পরাঃ অতি টাইট, পাতলা ও গোপন সৌন্দর্যকে প্রস্ফূটিত করে এমন পোশাক না পরা। বক্ষ, বাহু ও কটি দৃশ্যমান হয় এমন দৃষ্টিকটু পোশাক না পরা। রাসুল (সাঃ) বলেন, 'দুই শ্রেণীর জাহান্নামী লোক যাদের আমি এখনো দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো এমন নারী যারা (পাতলা ফিনফিনে কাপড়) পরিহিতা অথচ উলঙ্গ, অপরকে আকর্ষণকারিণী আবার নিজেরাও অপরের দিকে আকৃষ্ট। তাদের মস্তকগুলো হবে উটের হেলানো কুজের মতো। এরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ বহু দূরত্ব থেকেও পাওয়া যাবে।' (মুসলিম: ৫৭০৪)
-
তিনি আরও বলেন, 'যে ব্যক্তি প্রসিদ্ধি (অহংকারের) পোশাক পরিধান করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন।' (আবূ দাউদ: ৪০২৩)
-
৪। সুগন্ধি ব্যবহার করা: বিবাহ অনুষ্ঠানে ইদানীং মেয়েরা বিশেষত তরুণীরা মহা উৎসাহে সেন্ট ব্যবহার করে অংশগ্রহণ করে। অথচ রাসুল (সাঃ) বলেন, 'যে নারী সুগন্ধি ব্যবহার করে অতপর মানুষের পাশ দিয়ে অতিক্রম করে যাতে তার সুগন্ধি পায়, সে ব্যভিচারিণী।' (নাসায়ী: ৯৩৬১)
-
৫। ছবি তোলা: বিবাহ অনুষ্ঠানগুলোর আরেক গর্হিত কাজ ছবি তোলা। সেই ছবি সম্পর্কে আর কী বলা যায়, যা পর পুরুষের হাতে প্রিন্ট হয়, পর পুরুষরা দেখে এবং তার প্রতি আকৃষ্ট হয়।
-
আল্লাহ আমাদের সকলকে তাঁর নির্দেশ মেনে চলার তাওফীক দান করুক!আমীন।

Share This

0 comments: